বগুড়া, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বগুড়া সরকারি আযিযুল হক কলেজে সোমবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে।
আহতরা হলেন-ছাত্রদলের মাহবুব আলম শুভ, সোহেল হোসেন, নজরুল ইসলাম জনি, রিপন এবং ছাত্রলীগের সোহাগ হোসেন ও বেনজির আহম্মেদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান বলেন, দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১১ ঘ.
bdnews24