২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে স্কুলশিক্ষকরা

চাকরি সরকারিকরণের দাবিতে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 03:55 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারিকরণের দাবিতে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক ঐক্য পরিষদ’র আহ্বানে রোববার ও সোমবার এ কর্মসূচি পালিত হচ্ছে। বর্তমানে সারাদেশ ২৪ হাজারের মতো বেসরকারি প্রাথমিক রেজিস্ট্রার্ড বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা প্রায় এক লাখ। ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুর রহমান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল থেকে দেশের সববেসরকারি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করা হচ্ছে। “আমাদের এ কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে বলে স্বীকার করছি। আমরা মনে করি, দাবি মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে,” বলেন তিনি। এই শিক্ষক নেতা বলেন, সরকার দাবি সরকার মেনে নিলে সঙ্গে সঙ্গে কর্মসূচি প্রত্যাহার করবেন তারা। একই দাবিতে ১৭ থেকে ১৯ জানুয়ারি কর্মবিরতি পালন করা হবে জানান তিনি। চাকরি সরকারিকরণের দাবিতে আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্র“য়ারি সব সংসদ সদস্যকে স্মারকলিপি প্রদান, ১৪ মার্চ জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি প্রদান এবং ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যলয় ঘেরাও করা হবে বলে জানান বাচ্চু। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ (সামসুল-মৃগেন), বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (নাসির-বাচ্চু), বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (এনায়েত-সালাম) ও বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (হাফিজ-মাহবুব)- এই চারটি সংগঠনের সমন্বয়ে জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠিত। দীর্ঘ দিন থেকে আন্দোলন করলেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে না। চাকরি সরকারিকরণের দাবিতে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা গত ২১ থেকে ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, অবস্থান ধর্মঘট, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। ওই সময়ই তারা ঘোষণা দিয়েছিলেন তাদের চাকরি সরকারিকরণে সরকারের পক্ষ থেকে ঘোষণা না এলে ১৫ জানুয়ারি থেকে স্কুলগুলোতে তালা ঝোলানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১০০৫ ঘ.