বরিশাল, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত শোভন খলিফা (১৪) ধামুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ধামুরা গ্রামের নাসির উদ্দিন খালিফার ছেলে।
এবার জুনিয়র সমাপনী পরীক্ষায় সে জিপিএ ৫ পেয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।
সঙ্গীদের বরাত দিয়ে উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে শোভনসহ চারবন্ধু দু’টি মোটরসাইকেলযোগে উজিরপুর সদর থেকে ধামুরার উদ্দেশে যাচ্ছিল।
এক পর্যায়ে ফাঁকা রাস্তা পেয়ে তারা প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাতে থাকে।
শোভনকে বহনকারী মোটরসাইকেলটি যুগিরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে রাস্তায় থাকা একটি গতিরোধকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে শোভন পাশে বিদ্যালয়ের দেওয়ালে ছিটকে পড়ে।
গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24