ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় আরো এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাজমুস শাকিব তপু বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞানের ৩৭তম ব্যাচের ছাত্র।
সাভারের আশুলিয়া থানার ওসি এসএম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের সামনে থেকে তপুকে গ্রেপ্তার করা হয়।
গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের একদল কর্মী, যারা ক্যাম্পাসে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিতি। পরদিন হাসপাতালে মারা যান জুবায়ের।
এরপর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষকরাও।
জুবায়ের হত্যায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় এর আগে এজাহারভুক্ত এক আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতেই তপুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৮০০ ঘ.
bdnews24