শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিবিরকর্মীকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ সমর্থকরা।
শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডের পাশে আবু তৈয়ব শাহেদ নামের ওই ছাত্রকে মারধর করে তারা।
আবু তৈয়ব শাহেদ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র এবং সাংস্কৃতিক সংগঠন ‘কিন’ এর সহ-সাধারণ শিক্ষা সম্পাদক।
তিনি শিবির নিয়ন্ত্রিত ‘ব্যাচেলর’ আবাসিক মেসের সদস্য।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি মো. সেলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে শাহেদ ক্যাম্পাস থেকে হলের দিকে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধরে মারধর করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ও সহকারী প্রক্টর নিলয় চন্দ্র দাস ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। আসে। পরে খবর দিলে পুলিশে এসে তাকে থানায় নিয়ে যায়।
শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহেদকে বর্তমানে জালালালাবাদ থানায় আটক রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবিরকর্মী সন্দেহে শাহেদ নামের এক ছাত্রকে ছাত্রলীগ সমর্থকরা আটক করেছে বলে জেনেছি। তবে শিবির সন্দেহে যেন কোনো সাধারণ শিক্ষার্থী হেনস্তা না হয় সে ব্যাপারে সতর্ক থকতে বলেছি পুলিশকে।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ‘মহসীন’ ও ‘ব্যাচেলর’ মেস থেকে শিবির সন্দেহে ১৭ জনকে আটক করে। শুক্রবার সকাল ১০টায় তাদের আবার ছাড়িয়ে আনেন বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24