কুমিল্লা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচংয়ে বাস-অটোরিকশা এবং দাউদকান্দিতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মুজাম্মেল হক বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলায় টোটবাগান এলাকায় একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়। নিহতরা সবাই অটোরিকশার আরোহী।
নিহতরা হলেন, সিএনজি চালক বুড়িচং পারুয়ার গ্রামের শাহ আলম (৩২) এবং জিয়াপুর গামের ইউপির সাবেক সদস্য শাহ আলম মেম্বার, রামপুরের কলেজ ছাত্রী ফেরদৌসী জাহান তমা, নোয়াপাড়ার রুবেল (২০), ব্রাহ্মণপাড়ার আসাদনগরের মুজিবুর রহমান (৩৫) এবং সদরের শাকিল (১৯)।
এর আগে ভোর ৬টার দিকে দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের তিন আরোহী নিহত হন।
দাউদকান্দি মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ডেসটিনি লিমিটেডের কয়েকজন সদস্য চাঁদপুরের শাহরাস্তি থেকে মাইক্রোবাসে ঢাকা যাচ্ছিলেন।
মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝিংলাতলী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাবু (২০) নামের একজন নিহত হন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো দুজন।
নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরআরডি/জেকে/১৮৫৭ ঘ.
bdnews24