২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের বিরুদ্ধে ফের অভিযোগ রোববার

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে নতুন করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে নতুন করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে রোববার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বৃহস্পতিবার অভিযোগের নথি রেজিস্ট্রারের কাছে নিয়ে এলেও অফিসের সময় পেরিয়ে যাওয়ায় তা গ্রহণ না করে রোববার জমা দিতে বলা হয়। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটার গোলাম আরিফ টিপু জানান, কামারুজ্জামানের বিরুদ্ধে এর আগে একবার অভিযোগ জমা দেওয়া হলেও ট্রাইব্যুনাল গত ২৮ ডিসেম্বর তা পুনর্বিন্যস্ত করে আবারো জমা দিতে বলে। সে অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে রেজিস্ট্রারের কাছে তা জমা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রসিকিউটর এ কে এম সাইফুল ইসলাম নথি নিয়ে পৌঁছান সন্ধ্যায় ৬টার পর। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনারা অনেক কষ্ট করে অভিযোগের নথি নিয়ে এসেছিলেন। কিন্তু অফিস সময় শেষ হয়ে যাওয়ায় আজ তা নেওয়া হয়নি। রোববার অভিযোগ গ্রহণ করা হবে।” এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বৃহস্পতিবার একটি পিটিশনে বলেছেন, তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরুর আগে অভিযোগের যে নথি দেওয়া হয়েছে, তাতে তদন্ত প্রতিবেদন নেই। ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির জন্য সোমবার দিন রেখেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর সঙ্গে একান্তে কথা বলার জন্য তার আইনজীবীরা একটি আবেদন করেন বৃহস্পতিবার। শুনানি শেষে ট্রাইব্যুনাল নিজামীর সঙ্গে তার আইনজীবীদের ‘প্রিভিলেজড কমিউনিকেশনের’ জন্য ২১ ও ২৮ জানুয়ারি এবং ১১ ফেব্র“য়ারি দিন রেখেছেন। চার ট্রাইবুনাল মুলতবী হয়ে গেছে ১১টার দিকে। সাইদীর বিরুদ্ধে ১৩ তম সাক্ষী শহীদুল ইসলাম খান সেলিম অসুস্থ থাকায় স্বাক্ষ্য দিতে আসেননি। আসামী পক্ষকে আজকে জানিয়ে দেওয়া হবে পরের সাক্ষী কে? এদিকে রাষ্ট্রপক্ষের ত্রয়োদশ সাক্ষী শহিদুল ইসলাম খান অসুস্থ থাকায় জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় এদিন সাক্ষ্যগ্রহণ হয়নি। রোববার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রাখা হয়েছে। জামায়াতের এই চার নেতার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসইউ/জেকে/১৪১২ ঘ.