সিলেট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমের গ্রেপ্তারের খবরে ছাত্রলীগ আনন্দ মিছিল করার জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত তিন ছাত্রলীগকর্মীকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- ফরেস্ট্রি তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মো. মোস্তফা এবং সুপ্রাজিত ও সত্যজিৎ।
বুধবার বিকালে ছাত্রলীগ আনন্দ মিছিল নিয়ে শাহপরাণ হলে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া পাল্টাধাওয়ায় পুরো ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
সকালে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামিন আবেদন খারিজ করে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে ফুড কর্নার থেকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা একটি আনন্দ মিছিল বের করে। সেটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহপরাণ হলে গেলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কমপক্ষে ২০জন আহত হন।
সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের ভেতর থেকে কে বা কারা তালা লাগিয়ে দেয়। রাত ৮টার দিকে প্রক্টরের নেতৃত্বে তালা ভেঙে পুলিশ সদস্যরা হলে ঢোকে।
এর আগে ছাত্রদের দুটি হলের জানালার কাচসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে ছাত্রলীগ। সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসে তারা মিছিল বের করে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুইট দাবি করেন, “ছাত্রশিবিরের হামলায় আমাদের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সিন্ডিকেটের বৈঠক বসবে।”
জালালাবাদ থানার ওসি সেলিম আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছিলো। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০১৭ ঘ.
bdnews24