২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিজি সেবা নিয়ে হুয়াওয়ের রোডশো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসের আয়োজনে রাজধানীতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা বিষয়ক রোড শো শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসের আয়োজনে রাজধানীতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা বিষয়ক রোড শো শুরু হয়েছে। সোমবার সকালে রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু ‘স্মার্ট মোবাইল ব্রডব্যান্ড ফর ট্রান্সফরমেশন’ শিরোনামের সর্বশেষ প্রযুক্তির মোবাইল ব্রডব্যান্ড ও ফিক্সড ব্রডব্যান্ড সেবা বিষয়ক চার দিনের এ রোডশো উদ্বোধন করেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনের পাশে এ রোড শো সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশে নিয়োজিত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানি বলেন, এ রোডশোয় মোবাইল ব্রডব্যান্ড, মোবাইল ব্যাকহলিং, মোবাইল কোর, ওএসএস এবং ব্রডব্যান্ড ডিভাইসসহ বিভিন্ন বিষয় নিয়ে হুয়াওয়ে তাদের সর্বাধুনিক ও নিজস্ব ধারণা প্রদর্শন করা হবে। এছাড়া ‘এন্ড টু এন্ড ফিক্সড ব্রডব্যান্ড প্রডাক্ট ও সল্যুশন’, ব্রডব্যান্ড ক্লাউড, স্টেট অব দ্য থ্রেট- আইপিটিভি, আইভিডিও, ইন্টেলিজেন্স ওডিএন, এনজি পিওএন, স্মার্ট ওটিএন, আইভিপি৬, ইউনিফাইড কমিউনিকেশন, থার্ড জেনারেশন অ্যাকসেস রাউটারসহ বিভিন্ন প্রযুক্তি এ শোতে দেখানো হবে বলেও জানান তিনি। এ সময় প্রযুক্তি আরো সহজলভ্য করতে মোবাইল সিম ও অন্যান্য ইন্টারনেট সংশ্লিষ্ট যন্ত্রপাতির ওপর থেকে কর তুলে নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি। হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বেকার ঝু বলেন, গ্রাহকের কাছে বিশ্বের সর্বশেষ প্রযুক্তির ইন্টারনেট ও ভয়েস সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের এ আয়োজন। ১৯৯৮ সালে হুয়াওয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/২১১৪ ঘ.