২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান ইসির মেয়াদ বাড়ানোর সুপারিশ বিকল্পধারার

নতুন নির্বাচন কমিশন গঠনের বদলে বর্তমান কমিশনের মেয়াদ বৃদ্ধি এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের পক্ষে মত দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। তবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ইসি গঠনে সংবিধান অনুযায়ী আলাদা আইন করার সুপারিশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 09:14 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনের বদলে বর্তমান কমিশনের মেয়াদ বৃদ্ধি এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের পক্ষে মত দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। তবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ইসি গঠনে সংবিধান অনুযায়ী আলাদা আইন করার সুপারিশ করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির ধারাবাহিক সংলাপের অষ্টম দিনে সোমবার এসব প্রস্তাব তুলে ধরে দল দুটি। সকালে বঙ্গভবনে বিকল্পধারার ১৪ সদস্যের সঙ্গে বসেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এরপর বসেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ এর ৯ সদস্যের সঙ্গে। সংলাপ শেষে বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। শুধু আমরা এ ব্যবস্থা চাচ্ছি না, উচ্চ আদালতও এ নির্দেশনা দিয়েছে। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে হবে।” ইসি গঠনের বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা বলেন, “রাজনৈতিক সরকারের এ সময়ে ইসি গঠন না করে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তা করা হোক- এই সুপারিশ আমরা করেছি।” “বর্তমান ইসির মেয়াদ আগামী তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত মেয়াদ বাড়ানো যেতে পারে। এখন নতুন ইসি গঠনের দরকার নেই। রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি কিংবা সংবিধান সংশোধন করেই তা করতে পারেন”, যোগ করেন তিনি। পরে সাংসদ আমিনা আহমেদের নেতৃত্বে ন্যাপের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে ন্যাপের অ্যাডভোকেট এনামুল হক জানান, তারা সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে আইন সংশোধন করে আলাদা আইন করার সুপারিশ করেছেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরোধিতা করে দলটি জানায়, এটি রাষ্ট্রপতির বিষয় নয়, বিষয়টি সংসদের। সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ হলেও বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো ওই ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন। এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। ধারাবাহিক এ সংলাপের অংশ হিসেবে ১১ জানুয়ারি বিএনপি এবং ১২ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রাষ্ট্রপতির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৫১১ ঘ.