২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দীনপুত্র বাবু গ্রেপ্তার

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মারধরের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মারধরের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বিকালে জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতে তাকে সেখানেই রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কবির হোসেন তালুকদার রোববার গভীর রাতে গুলশান থানায় মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “চিকিৎসক বাবুর সুস্থতার ছাড়পত্র দেওয়ার পর নিয়মানুযায়ী তাকে আদালতে পাঠানো হবে। তবে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কিনা সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।” মামলা দায়েরের পর দুপুরে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় শুধু বাবুকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি (বাবু) ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।” উপাচার্য পদ নিয়ে জটিলতায় রোববার সকালে ইয়াজউদ্দীন আহম্মেদের বাসায় রেজিস্ট্রার কবিরকে মারধর করা হয়েছে- এমন খবরে ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন বাবু এবং তার মা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারা বেগম। এক পর্যায়ে শিক্ষার্থীরা বাবুকে ধাওয়ার পর আটক করে মারধর করলে তিনি দৌঁড়ে পাশে একটি কক্ষে আত্মরক্ষা করেন। আহত ইমতিয়াজকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পর দুপুরে পুলিশ হেফাজতে রাখা হলেও পরে পুলিশ সরিয়ে নেওয়া হয়। ইমতিয়াজের সঙ্গে আরো দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও সন্ধ্যার পর তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। রেজিস্ট্রারকে মারধরের অভিযোগ অস্বীকার করে বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ ঠিক নয়। বরং আমাকেই ক্যাম্পাসে মারধর করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৭৫৩ ঘ.