২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মণিপুর স্কুলের ঘটনায় তদন্ত প্রতিবেদন

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে। রোববার সচিবালয়ে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বলেন, বেসরকারি স্কুলে ভর্তি সংক্রান্ত নীতিমালা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অন্য একটি কমিটি কাজ করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নীতিমালা অমান্যকারীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে শিক্ষা সচিব বলেন, “এমপিওভুক্তি বাতিলসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হতে পারে। শিক্ষার্থীদের স্বার্থকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।” মণিপুর বিদ্যালয়ের ঘটনা তদন্ত কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিপুর স্কুলের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রতিবেদন দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিবেদন তৈরিতে তথ্য অধিকার আইনকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনে কী সুপারিশ করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে নীতিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শিগরিই প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি। মাউশির মহাপরিচালক পদাধিকার বলে এই কমিটিরও আহ্বায়ক। গত ৩ জানুয়ারি মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে আরটিভির এক প্রতিবেদককে মারধরের অভিযোগ ওঠে। সাংসদ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে ওই দিনই মাউশির মহাপরিচালক নোমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮১১ ঘ.