কক্সবাজার, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে বড় মহেশখালীর পাহাড়তলি এলাকার মনোজঘোনায় র্যাবের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয় বলে বলে জানায় পুলিশ। নিহত দিদারুল আলম ওরফে দিদার ডাকাত (৪২) উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ার পাহাড়তলি এলাকার বাসিন্দা।
মহেশখালী থানার ওসি রনজিত বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব-৭ এর একটি দল সকাল ৭টার দিকে মনোজঘোনা এলাকায় দিদার বাহিনীর আস্তানায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়।
প্রায় এক ঘণ্টাব্যাপী দুই পক্ষের বন্দুকযুদ্ধে দিদার নিহত হন বলে দাবি করেন ওসি।
দিদারের বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ ও হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানান তিনি।
র্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, র্যাব-৭ হেডকোয়ার্টার ও কক্সবাজার ক্যাম্প যৌথভাবে এই অভিযান চালায়। লেফট্যানেন্ট জাকির হোসেনের নেতৃত্বে অভিযানে র্যাবের অন্তত ১৩ সদস্য অংশ নেয়।
লাশ মহেশখালী থানায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২২ ঘ.
bdnews24