২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্র-শ্রমিক সংঘর্ষে আহত ২৫

সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্র ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

সিলেট, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্র ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্কুলছাত্রের মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে শনিবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। সংঘর্ষ চলাকালে ৮টি গাড়ি ভাঙচুর হয়। এ সময় শ্রমিকরা বিয়ানীবাজার থানায় ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিয়ানীবাজার থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী জানান, শুক্রবার মোটর সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিয়ানীবাজার পি.এইচ.জি. মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র শিপলু ও মাইক্রোবাস চালক কামাল হোসেনের বাকবিতণ্ডা হয়। শনিবার স্কুলছাত্ররা এ ঘটনা শুনে পৌর শহরে গিয়ে চালক কামালকে খোঁজে। এ খবর পেয়ে সকাল ১১টার দিকে পরিবহন শ্রমিকরা দল বেঁধে স্কুলে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুরো শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পি.এইচ.জি. স্কুলের জবলু, জুবের, ফাহাদ, শাফি, আবু বক্কর, ইমন ও আলীসহ ১৯ জন ছাত্র এবং এনাম, জলিল, মোস্তাক, সুমনসহ ছয় পরিবহন শ্রমিক আহত হন। সংঘর্ষ চলাকালে গাড়ি ভাঙচুরের ঘটনায় পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে। ওখান থেকে পুলিশ ডালিম নামের এক চালককে থানায় নিয়ে এলে শ্রমিকরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। ওসি শিবলী আরো জানান, পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/সিএস/ডিডি/২০০৮ ঘ.