শেরপুর, জাসুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আতিউর রহমান আতিক নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে উদ্বেগ প্রকাশ করেছে ক্ষমতাসীন দলটি।
এর পরিপ্রেক্ষিতে পুলিশ তার গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে।
দুই সপ্তাহের মধ্যে এই সংসদের বাড়িতে চুরি এবং খড়ের গাদায় আগুন দেওয়া হয়।
সাংসদ আতিউর রহমান আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাত্তাহীনতায় ভুগছি।”
শেরপুর শহরের নিউমার্কেটে শনিবার জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এক সভায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ ঘটনার হোতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল এক বিবৃতিতে এ ঘটনাকে সুপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক দাবি করে এমপি’র নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সাংসদ আতিক কামারিয়া ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের বাড়িতে অবস্থানকালে তার ঘরের বারান্দার গ্রিল কেটে মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। এর ১৩দিন পর তার বাড়ির সামনে একটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদ আতিউর রহমান আতিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরির পর তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সাংসদ আতিক শেরপুর অবস্থানকালে তার সঙ্গে পুলিশ থাকছে। এছাড়া তিনি গ্রামের বাড়িতে থাকাকালে রাতের বেলায় সেখানে পুলিশ মোতায়েন থাকছে।
জেলা সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল জানান, গত ২৩ ডিসেম্বর রাতে সাংসদ আতিকের বারোঘরিয়া গ্রামের বাড়িতে বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা তার কক্ষে ঢুকতে না পেরে বারান্দায় থাকা মোটরসাইকেল নিয়ে যায়। ওই সময় আতিক তার কক্ষেই ঘুমিয়ে ছিলেন।
এরপর গত বুধবার (৪ জানুয়ারি) রাতে ওই বাড়িরই সামনে থাকা একটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়।
এই দুই ঘটনায় শেরপুর সদর থানায় দু’টি মামলা হয়েছে বলে জানান ওসি (তদন্ত) মো. খায়রুল বাশার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24