বরগুনা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে গণডাকাতির পর মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
শুক্রবার মধ্যরাতে গঙ্গামতি এলাকায় ২০টি ট্রলারে ডাকাতি হয় বলে ওইসব ট্রলারের ফিরে জেলেরা জানিয়েছেন।
বরগুনা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মাঝি ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে ডাকাতি ও অপহরণরে ঘটনা ঘটে।
অপহৃতদের মধ্যে এফবি তন্ময়ের আবু হানিফা (৩৭), এফবি তরিকুলের জিয়া (৩২), এফবি মোর্শেদ মাওলার জয়নাল (৪৭), এফবি ইকরার আব্দুল আজিজ (৩৮), এফবি ওলির আবদুল জলিল (৩২), এফবি সিরাজুল হকের নাসির উদ্দিনের (৩৩) এর নাম জানা গেছে।
তাদের সকলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।
মান্নান মাঝি আরো জানান, ডাকাতরা জিহাদ ওরফে রফিক বাহিনীর সদস্য। অপহৃতদের চট্টগ্রামের একটি ট্রলারে তুলে নিয়ে গেছে বলে শনিবার দুপুরে জানিয়েছে এফবি তন্ময়ের ফিরে আনা জেলেরা।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি অপহরণের কথা শুনেছেন। বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকা থেকে পাথরঘাটায় ফিরেই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৯ ঘ.
bdnews24