২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় বাস পুকুরে, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চার আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চার আরোহী নিহত হয়েছে। কুটি চৌমুহনীর কাছে উলুছড়া এলাকায় শুক্রবার বিকালে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কসবার আকসিনা গ্রামের আরিফ মিয়া (২০) এবং গাজিসার গ্রামের আকরাম হোসেন (২০) ও শাহিন মিয়া (১২)। গুরুতর আহতদের মধ্যে আবুল ফয়েজ ও রিপনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাসেল (১২), মারুফা বেগম (৪০), অলি মিয়া (৪০), ছুনিয়া (১৮), ডলি (১০) ও আনোয়ারা বেগম (৪৫) কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কসবা থানার ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে কসবার নয়নপুর থেকে আশুগঞ্জগামী দিগন্ত পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান বলে তিনি জানান। আহত বাসযাত্রী আবদুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি উলুছড়া এলাকায় আসার পরপরই বিকট আওয়াজ করে সামনের একটি চাকা ফেটে যায়। এরপর তা পুকুরে পড়ে যায়। বাসের পেছনের কাঁচ ভাঙা থাকায় ওই স্থান দিয়ে বেরিয়ে আসেন ওয়াদুদ। ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.