২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরণ অনশন অব্যাহত বড় পুকুরিয়ায়

জেলা প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বড়পকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তরা ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

দিনাজপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বড়পকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তরা ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনশনের চতুর্থ দিন বৃহস্পতিবার বিকালে এ ঘোষণা দেয় আন্দোলনকারী সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষাকারী কমিটি’। কমিটির আহবায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন ১১৩টি হোল্ডিংয়ের বিপরীতে প্রায় সোয়া পাঁচ কোটি টাকার চেক হস্তান্তরের প্রস্তাব দেয়। “কিন্তু আমাদের দাবি আংশিক না দিয়ে পুরো টাকা দিতে হবে এবং ১০ দফা দাবি নিয়ে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তাই জেলা প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। অনশন চলবে।” অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন প্রস্তাব প্রত্যাখ্যানের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, “চেক বিতরণে কিছু আইনগত জটিলতা রয়েছে।” তিনি জানান,ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি দেওয়ার পর সংশ্লিষ্ট সীমানায় কোনো স্থাপনা গড়ে তোলা হলে সেগুলি ক্ষতিপূরণের তালিকায় আসবে না। সার্ভেয়ারের রিপোর্ট অনুযায়ী ইব্রাহীম খলিলসহ ১২ জনের এ ধরনের স্থাপনা রয়েছে। উক্ত ১২জনের দাবি অনুযায়ী ওইসব স্থাপনার বিপরীতে টাকা দিলে সরকারের অতিরিক্ত দুই কোটি ৪৪ লাখ টাকা বেশি ব্যয় হবে। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, “আমাদের পক্ষ থেকে অনশনকারীদের মূলদাবি বাস্তবায়নে চেষ্টা করেছি। এখন সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত ছাড়া আমাদের করণীয় কিছুই নেই।” গত সোমবার থেকে অনশন চালিয়ে আসছে খনি এলাকার ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের বাসিন্দারা। অনশনকারীদের দাবির মধ্যে রয়েছে- ক্ষতিপূরণের বকেয়া ৬০ ভাগ টাকা দ্রুত প্রদান, ক্ষতিপূরণের ১৯০ কোটি টাকার ওপর ব্যাংক অর্জিত সুদ ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন, গত আমন-বোরো ফসলের ক্ষতিপূরণ, প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পেট্রোবাংলায় কর্মসংস্থান ও হয়রানিকারী সার্ভেয়ারদের শাস্তি প্রদান। এদিকে গত চারদিনের অনশনে নয়জন অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বড় পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরুর পর আশপাশের এলাকায় ছাইয়ের সৃষ্টি হয় এবং ভূমিতে দেখা দেয় ফাটল। এরপর সরকার ওই এলাকার মানুষকে ক্ষতিপূরণ দিয়ে অন্য স্থানে সরানোর সিদ্ধান্ত নেয়। ক্ষতিগ্রস্তদের জন্য ২০১০ সালের ৯ নভেম্বর একনেকে ১৯১ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৫২ ঘ.