সিলেট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদামতো ডিজেল সরবরাহ না করলে আগামী ১১ জানুয়ারি থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধের হুমকি দিয়েছেন সিলেটের ডিলাররা।
বুধবার সিলেট পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস্ অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী এ কথা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলের তেলবাহী ওয়াগন সমস্যার কারণে চট্টগ্রাম থেকে চাহিদার চেয়ে ডিজেল কম আসায় এ সংকট দেখা দিয়েছে বলে দাবি করে তিনি বলেন, “এ সংকটের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও রেলওয়ে কর্মকর্তাদের গাফিলতিই দায়ী।”
জুবায়ের আহমদ চৌধুরী জানান, চাহিদার অর্ধেক ডিজেল না পাওয়ায় বিকালের আগেই রিফুয়েলিং স্টেশনগুলো বন্ধ করে দিতে হচ্ছে। এ অবস্থায় জ্বালানি তেলের ব্যবসা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
অথচ বোরো মৌসুমের জন্য প্রতিদিন ডিজেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বলেন তিনি।
জুবায়ের চৌধুরী বলেন, সিলেটে প্রতিদিন তিন লাখ লিটার ডিজেলের চাহিদা রয়েছে। কিন্তু বিপিসি’র স্থানীয় তিনটি ডিপো থেকে অর্ধেকেরও কম সরবরাহ করা হচ্ছে। এতে রিফুয়েলিং স্টেশনগুলো ডিজেলশূন্য হয়ে পড়ছে।
বিপিসি’র সিলেট বিভাগীয় প্রতিনিধি ও যুমনা অয়েল কোম্পানির বিপণন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পর্যাপ্ত ডিজেল মজুদ থাকা সত্ত্বেও রেলের ওয়াগন সংকটের কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না।
সিলেটের কৈলাশটিলা ও রশিদপুর গ্যাস ফিল্ড থেকে ডিজেল এনে অর্ধেক চাহিদা পূরণ করা হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “শুষ্ক মৌসুমে নদীগুলো শুকিয়ে যাওয়ায় নৌপথেও সিলেটে ডিজেল আনা সম্ভব হচ্ছে না ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০২৬ ঘ.
bdnews24