ঝিনাইদহ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে বাস চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যুর হয়েছে। এর জেরে কলেজের শিক্ষার্থীরা একঘণ্টা সড়ক অবরোধ করেছে।
বুধবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি এলাকায় এ দুর্ঘটনায় নিহত মিন্টু মিয়া সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ কলেজের ১ম বর্ষের ছাত্র। তিনি হরিণাকুণ্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের ওমর আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস মিন্টুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাশ মিন্টুর গ্রামের বাড়ি কেষ্টপুরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বাস-টেম্পো সংঘর্র্ষ
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলায় যাত্রীবাহী বাস ও টেম্পোর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
এরমধ্যে ছয় জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24