ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে ঊর্ধ্বতন এক কর্মকর্তা দুর্নীতির কথা বলতে গিয়ে বাধার মুখে পড়েন এক সহকর্মীর কাছ থেকেই। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বক্তব্য শেষ করেন ঊর্ধ্বতন ওই পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ উদ্বোধনের পর দুপুরে টেলিকম মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সম্মেলনে বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আর সেখানেই বক্তব্য দিতে ওঠে দুর্নীতির বিষয়টি তোলেন পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদায় পুলিশ সমন্বয়কের দায়িত্বে থাকা ফণীভূষণ চৌধুরী।
তিনি বলেন, পুলিশে দুর্নীতি বেড়েই চলেছে। পুলিশের সুযোগ সুবিধা বাড়লেও সে অনুযায়ী জনগণ সেবা পাচ্ছে না।
দুর্নীতির কারণে পুলিশের চেইন অব কমান্ডও ঝুঁকির মুখে পড়েছে বলে শীর্ষ স্থানীয় ওই পুলিশ কর্মকর্তা মন্তব্য করেন। এগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার ওপরও জোর দেন তিনি।
ফণীভূষণ বলেন, বিগত বছরগুলোর কর্মকাণ্ড মূল্যয়ন হওয়া দরকার ছিল। এ বছর তা হলো না, ভবিষ্যতে যেন হয়। ব্যর্থতা কীভাবে কাটিয়ে উঠতে পারি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার।
পুলিশ সমন্বয়ক হিসেবে এই বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সেতুবন্ধনের দায়িত্বে থাকা এই কর্মকর্তা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “মন্ত্রণালয়ে পুলিশের যেসব দাবি বা সুপারিশ যায়, তার ১০ ভাগের মাত্র ১ ভাগ কাজ হয়। বাকিটা হয় না।”
ফণীভূষণ বলেন, “বর্তমান সরকারের প্রতিশ্র“তি অনুযায়ী এর মধ্যেই ১২ হাজার জনবল বেড়েছে। পুলিশের নানা সুযোগ সুবিধা বেড়েছে। তবে সেই অনুযায়ী পুলিশের সেবার মান বাড়ছে না। জনগণকে সেবা দেওয়াটা আমরা নিশ্চিত করতে পারছি না। এক্ষেত্রে কী যথাযথ প্রশিক্ষণ হচ্ছে না?
“থানায় সেবার মান কমে আসছে। সাধারণ মানুষ প্রতিকার পাচ্ছে না। ভালো ব্যবহার পাচ্ছে না। চেক পোস্টের নামে হয়রানি করা হচ্ছে। যানবাহন চেকিং এর নামে নানা হয়রানির অভিযোগ আছে। এসব বিষয় আমার চাইতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভালো জানেন। তবে আইজি জানেন কিনা, তা আমার জানা নেই।”
এই কথা বলার সময় সম্মেলনস্থলে গুঞ্জন সৃষ্টি হয়, যার সাক্ষী অন্যান্য সাংবাদিকদের মতো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকও।
পুলিশে দুর্নীতি নিয়ে এরপর ফণীভূষণ বলেন, “পুলিশের মধ্যে দুর্নীতি বাড়ছে। ক্ষমতার নানারকম অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ আছে। এতে চেইন অব কমান্ড ভেঙে পড়ছে কিনা, সে বিষয়গুলো আলোচনার সময় এসেছে।”
এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (অতিরিক্ত মহা পরিদর্শক পদমর্যাদা) বেনজীর আহমেদ প্রায় দাঁড়িয়ে যান। তিনি বলেন, “আমি এর জবাব দিতে চাই।” তবে প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তাকে থামিয়ে দেন।
ক্ষণিকের জন্য বক্তব্য থামিয়ে দেওয়া ফণীভূষণ তখন বলেন, “আমার বক্তব্য শেষ করি। তারপর বলেন।”
এরপর বেনজীর পুনরায় কথা বলার চেষ্টা করলে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে থামেন তিনি। বেনজীর চুপ হয়ে যাওয়ার পর ফণীভূষণ তার বক্তব্য শেষ করেন।
তিনি বলেন, “আমাদের অনেক ব্যর্থতা আছে। সফলতা নিয়ে আলোচনা করবে জনগণ। আমাদের আলোচনা করতে হবে ব্যর্থতা নিয়ে। আত্মসমালোচনার প্রয়োজন আছে।”
ফণীভূষণের পর পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার তার আসনে বসেই পুলিশ বিভাগে উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে পরিস্থিতি শামাল দেওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, “আত্মজিজ্ঞাসা একটি চলমান প্রক্রিয়া। এটা আমাদের করতে হবে। আমাদের অনেক তরুণ অফিসার রয়েছেন। এই তরুণ প্রজন্ম অনেক ভালো কাজ করছে।”
এরপর বক্তব্যে শামসুল হক টুকু পুলিশ সমন্বয়ক ফণীভূষণের কথা কিছুটা স্বীকার করে বলেন, “পুলিশের দায়িত্ব পালনে কিছু ব্যর্থতা রয়েছে। ফণীবাবু যা বললেন, কিছুটা বাড়িয়ে বললেও আসলে তার অস্তিত্ব রয়েছে।”
এসব অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
দুই সপ্তাহ আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনেও বাংলাদেশের পুলিশ বিভাগকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেবা খাত হিসেবে চিহ্নিত করা হয়।
মন্ত্রণালয়ে পুলিশের ফাইল আটকে থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “পুলিশের দাবি দাওয়া ও সংস্কারের বিষয়গুলো ফাইলবন্দি হয়ে নেই, এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। মন্ত্রণালয় এগুলো নিয়ে পড়ালেখা করছে।”
তার এই কথার সময় পুরো সম্মেলনস্থলে কিছুটা হাস্যরসের সৃষ্টি হয়।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, “র্দুর্নীতি শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে রয়েছে। এটি একটি অপ্রিয় বাস্তবতা। সেটি পুলিশের মধ্যে হোক আর সমাজে হোক, দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে। র্যাব হোক আর পুলিশ, এমনকি সাংবাদিকদেরও ছাড়া হবে না।”
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্বরত পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন কর্মকর্তা বক্তব্য রাখেন। তারা মাঠ পর্যায়ে পুলিশের নানা সমস্যাগুলো তুলে ধরেন।
এর মধ্যে র্যাব ও পুলিশের কাজের সমন্বয়হীনতার বিষয়টি পুনরায় উঠে আসে। এ পর্যায়ে পুলিশের কয়েকজন কর্মকর্তা র্যাবের ইউনিটকে স্থানীয় পুলিশ সুপারের অধীনে দেওযার কথাও বলেন। তবে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান এই বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, এতে সমন্বয় থাকবে না।
এছাড়া যানবাহন সঙ্কট, পুলিশের কাজের সমস্যা, রাজনৈতিক প্রভাবের চেষ্টার অভিযোগও করেন কয়েকজন কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/কেটি/এমআই/১৯৪১ ঘ.
bdnews24