রাঙামাটি, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত পাঁচ বাঙালি জেলে উদ্ধার ও গ্রেপ্তার ১৬ জন মুক্ত না হলে হরতালের হুমকি দিয়েছে পার্বত্য চট্টগ্রামের তিনটি সংগঠন।
বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা এই হরতাল পালনের হুমকি দেয় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
মঙ্গলবার রাঙামাটি শহরের কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড কার্যালয়ে এই তিন সংগঠন আয়োজিত যৌথ সংবাদ সন্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
গত ৪ ডিসেম্বর রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা সীমান্ত এলাকায় কর্ণফুলী নদীর জিরো পয়েন্টে মাছ ধরতে গিয়ে অপহৃত হয় পাঁচ বাঙালি জেলে। এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি।
ওই অপহরণের প্রতিবাদ কর্মসূচি পালনের সময় গত ১ জানুয়ারি সর্বদলীয় বাঙালি ঐক্য পরিষদের বিক্ষোভকারীরা প্রশাসন কার্যালয়ে ভাংচুর ও পুলিশের ওপর হামলা চালায়।
এতে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলাও করেছে পুলিশ।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য সম অধিকার জেলা শাখার আহ্বায়ক পেয়ার আহম্মদ।
তিনি বলেন, অপহৃত পাঁচ বাঙালি জেলেকে উদ্ধারে এবং বাঘাইছড়িতে মোটরসাইকেল চালক আব্দুল ছাত্তারের হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অপহৃতদের মুক্তির দাবিতে ১ জানুয়ারি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার কারণে অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়। পরে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় পুলিশ নিরাপরাধ ১৬ জন বাঙালিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে মারধর করেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভূষণ ছড়া ইউপি সদস্য দুলাল তালুকদার, সম অধিকার আন্দোলনের বরকল উপজেলা নেতা মকিম হোসেন, শাহ আলম, আব্দুল হামিদ, বেগম নূর জাহান, বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি আব্দুল হান্নান রানা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৩৭ ঘ.
bdnews24