ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ও সিরাজগঞ্জে সহিংসতা এবং বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ ৬৬ নেতাকর্মীকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও সহিদুল করিমের বেঞ্চ তা মঞ্জুর করেন।
গত ১৮ ডিসেম্বর রাজধানীতে বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশের আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে নেতাকর্মীদের পিটিয়ে বের করে দেয় পুলিশ। এর পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকায় বোমা হামলায় একজন এবং সিলেটে গাড়িতে পুড়ে একজন নিহত হন।
এ ধরনের কয়েকটি বিস্ফোরণের ঘটনায় সিলেটের শাহপরান, কোতয়ালী মডেল, জালালাবাদ, দক্ষিণ সুরমা এবং সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে ছয়টি মামলা হয়।
এর মধ্যে সিলেটের পাঁচ মামলায় ১৯ জন এবং সিরাজগঞ্জের মামলায় ৪৭ জন মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে জামিন নেন।
তাদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যরিস্টার রাগিব রউফ চৌধুরী। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট খোন্দকার দিলীরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৫৬ ঘ.
bdnews24