ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুরহুদায় ট্রেন ইঞ্জিনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের অন্তত দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
দামুরহুদা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দর্শনা রেলস্টেশনের কাছে দর্শনা রেল গেটে এ ঘটনা ঘটে।
তিনি জানান, একটি খালি ইঞ্জিন চুয়াডাঙ্গার দিক থেকে দর্শনা স্টেশনে যাওয়ার পথে ওই রেল গেটে জীবননগর-চুয়াডাঙ্গা রুটের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলোই দুজনের মৃত্যু হয়।
অবশ্য দামুরহুদার উপজেলা নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক জানিয়েছেন, নিহতের সংখ্যা তিন জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
তিনি বলেন, ওই রেলগেটে কোনো নিরাপত্তা প্রহরী নেই। একটি বাঁশকল থাকলেও ট্রেন এলে অনেক সময়ই তা ফেলা হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩০০ ঘ.
bdnews24