২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে পেয়ে র‌্যাবের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

ছেলেকে ফিরে পেয়েছেন উল্লেখ করে র‌্যাবের বিরুদ্ধে করা অপহরণ ও গুমের মামলা প্রত্যাহারের আবেদন করেছেন এক আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের বিরুদ্ধে ছেলেকে অপহরণ করে গুম করার অভিযোগে করা মামলা সাত মাস পর প্রত্যাহারের আবেদন করেছেন এক আইনজীবী। ছেলে তৌফিক আহমেদ হাসানকে র‌্যাব গুম করেছে- এই অভিযোগে র‌্যাবের দুই কর্মকর্তা এবং দুই কারা কর্মকর্তাকে আসামি করে গত ৩১ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেছিলেন অ্যাডভোকেট মো. খবির উদ্দিন। ওই মামলা প্রত্যাহারে সোমবার ঢাকার মুখ্য মহনগর হাকিমের আদালতে খবিরের করা আবেদন মঞ্জুর করেন মহানগর হাকিম রোকসানা বেগম হেপী। আসামিরা ছিলেন- র‌্যাব-১০ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ হারুন, ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ ইমন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষক তৌহিদুল ইসলাম এবং উপ-কারারক্ষক মো. ইমরান হোসেন। মামলায় অজ্ঞাতনামা আরো চার জনকে আসামি করা হয়েছিল। নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পক্ষে প্রচার চালানোর অভিযোগে গত ২২ ফেব্র“য়ারি রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠ এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়। সেদিনই রমনা থানায় তৌফিকসহ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। দেশে গত বছরের শেষ দিকে বিভিন্ন স্থান থেকে মানুষ নিখোঁজ হওয়া এবং পরে কারো কারো লাশ উদ্ধারের ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। এ ধরনের ঘটনাগুলোর অধিকাংশ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাব পরিচয়ে ধরে নেওয়ার অভিযোগ ওঠে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ‘গুপ্তহত্যার’ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। ‘ছেলের কাছে সদুত্তর পাইনি’ সোমবার দাখিল করা মামলা প্রত্যাহারের আবেদনে বলা হয়, গত বছরের ২৬ ডিসেম্বরে মানিকগঞ্জের তেঘরিয়া গ্রামে তার শ্বশুর বাড়িতে গিয়ে খবির উদ্দিন দেখতে পান তার ছেলে সেখানে তার নানীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। মামলা প্রত্যাহারের পরপরই প্রশ্নের উত্তরে খবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেকে নিখোঁজ হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছি। কিন্তু তার কাছ থেকে কোনো সদুত্তর পাইনি।” তিনি বলেন, তিনি তার ছেলেকে ফিরে পেয়েছেন। তাই মামলাও প্রত্যাহার করে নিয়েছেন। এখন তার আর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তৌফিক তার মায়ের সঙ্গে সিদ্ধেশ্বরীর ৪৯ নম্বর হোল্ডিংয়ে টোটাল ক্যামেলিয়া অ্যাপার্টমেন্টের বাসায় রয়েছেন বলে জানান বাবা খবির উদ্দিন। ‘সাদা পোশাকের টিম ধরে নেয়’ গত ১৩ মে জামিনে কারাগার থেকে বের হওয়ার পরপরই হাসানকে র‌্যাব ধরে নিয়ে যায় বলে অ্যাডভোকেট মো. খবিরউদ্দিন মামলায় অভিযোগ করেছিলেন। মামলার দিন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, থানা কর্তৃপক্ষ ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্ব প্রাপ্ত লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন র‌্যাব-১০ এর সাদা পোশাকের একটি টিম হাসানকে ধরে নিয়ে যায়। তিনি বলেন, “রাত ১০টায় মুক্তি পাওয়ার পর ৪/৫ জন সাদা পোশাকধারী লোক একটি মাইক্রোবাস থেকে নেমে হাসানকে ওই বাসে তুলে নিয়ে যায়। কিন্তু এ বিষয়ে আসামি র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা কেউ বিষয়টি স্বীকার করছেন না।” আরজিতে বলা হয়েছিল, বাদি আশঙ্কা করছেন কারা কর্তৃপক্ষের যোগসাজশে র‌্যাবের ওই দুই কর্মকর্তা হাসানকে অপহরণ করে গুম করেছে। মামলার দিনই র‌্যাবের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। সোমবার খবিরের পক্ষে আইনজীবী দুলাল মিত্র, খন্দকার জামাল উদ্দিন মামলা প্রত্যাহার আবেদনের শুনানি করেন। আবেদনটি দাখিল করা হয় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেনের স্বাক্ষরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১১০ ঘ.