ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলা বাতিলে আবেদন করেছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত গোলাম আযম ও মুহাম্মদ কামারুজ্জামান।
রোববার তাদের পক্ষে এ আবেদন করেন আইনজীবী তাজুল ইসলাম ও শাহাজাহান কবীর।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১২ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে ৫২ দফা অভিযোগ উপস্থাপন করে তাকে গ্রেপ্তারের আবেদন জানায়। পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য ২৬ ডিসেম্বর দিন রাখে।
তবে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল জানায়, আগের প্রতিবেদনটি নিয়ম মাফিক সাজানো হয়নি। সেটি পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারির মধ্যে আবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। গোলাম আযমকে গ্রেপ্তারের বিষয়ে এর পরই আদেশ দেবে আদালত।
অন্যদিকে, গত ২৮ ডিসেম্বর একই কারণে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধেও পুনরায় ১২ জানুয়ারির মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করতে আদেশ দেয় ট্রাইব্যুনাল।
মামলা বাতিলের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ফরমাল চার্জ’ সুনির্দিষ্ট এবং যথাযথ না হওয়ায় ট্রাইব্যুনাল তা প্রসিকিউশন বরাবর ফেরত দিয়ে পুনরায় দাখিলের যে নির্দেশ দিয়েছেন- আইনত এভাবে পুনঃদাখিলের কোনো সুযোগ নেই। বিধি ২৯ (১) অনুসারে ট্রাইব্যুনাল ফরমাল চার্জ, তদন্ত রিপোর্ট ও অন্যান্য দলিল পর্যালোচনার পরে প্রাথমিক সত্যতা পেলে অপরাধ আমলে নিতে পারবে। বিধি ২৩ অনুসারে ট্রাইব্যুনাল যদি অপরাধ আমলে না নেন তবে সে মামলা খারিজ হয়ে যাবে।
আইন ও বিধি অনুযায়ী অপরাধ ‘আমলে গ্রহণ’ বা ‘মামলা খারিজ’ ছাড়া নতুন করে ‘ফরমাল চার্জ’ দাখিল করার কোনো সুযোগ নেই- এমন কথা উল্লেখ করে গোলাম আযম ও মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করে তাদের অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়।
যুদ্ধাপরাধের মামলায় গত ১ নভেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান।
অন্যদিকে, জামাতের শীর্ষ চার নেতা নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল¬ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। কামারুজ্জামানের বিরুদ্ধে ৩৭ জন সাক্ষ্য দিয়েছেন।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধেও মামলা চলছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৮৪৮ ঘ.
bdnews24