গাজীপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের দুর্ঘটনার পরদিন গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার পর হুড়োগুড়ি করতে নামতে গিয়ে আহত হয়েছেন ছয় জন।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে টঙ্গীর চেরাগ আলী এলাকায় আফতাব ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নেভায়।
তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে ঢাকাগামী আজমেরী গ্লোরী পরিবহনের বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।
“এতে বাসের গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লেগে যায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বাসের ৫-৬ জন যাত্রী আহত হন,” বলেন পুলিশ কর্মকর্তা মঈন।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এসআই মাহমুদ। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে রেখেছে।
টঙ্গী ফায়ার স্টেশনের কর্মকর্তা রমেশ কুমার সাহা জানান, আগুনে বাসটি আংশিক পুড়েছে।
সোমবার মুন্সীগঞ্জে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে নিহত হয় চার জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24