২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দায়ও অর্থনীতি গতিশীল: প্রধানমন্ত্রী

বিশ্বে মন্দার কথা মনে করিয়ে দিয়ে তার মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখতে সরকারের প্রাণান্ত চেষ্টার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে মন্দার কথা মনে করিয়ে দিয়ে তার মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখতে সরকারের প্রাণান্ত চেষ্টার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন করে বলেছেন, “মন্দার কারণে উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে। “আমরা সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর ওপর চাপ পড়তে দিচ্ছি না। আমাদের অর্থনীতি সচল, এটা একটা বিরাট সাফল্য বলে আমি মনে করি।” মূল্যস্ফীতি ও বিনিয়োগে খরা নিয়ে দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদের বক্তব্যের মধ্যেই প্রধানমন্ত্রী এ কথা বললেন। অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। দেশে ব্যবসার অনুকূল পরিবেশ রাখতে সরকারের আন্তরিকতার কথাও তুলে ধরেন তিনি। নারী উদ্যোক্তাদের সহযোগিতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, নারী উদ্দ্যোক্তাদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। এর প্রভাব বাণিজ্য মেলাতেও পড়েছে। মেলায় ২৩ জন নারী উদ্যেক্তা স্টল দিয়েছেন। বহির্বিশ্বে বাংলাদেশের পণ্যের বাজার তৈরিতে পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে উদ্যোক্তাদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কোন দেশে কোন ধরনের পণ্য উৎপাদন হয়, কোন দেশে কোন ধরনের পণ্যের চাহিদা বেশি, সে চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে।” অতীতের সরকারগুলো দেশে ব্যবসার পরিবেশ নষ্ট করেছিলো দাবি করে শেখ হাসিনা বলেন, “বিগত বিএনপি-জামায়াত জোট এবং তত্ত্বাবধায়ক সরকারের অত্যাচার, নির্যাতন ও বাধার কারণে অনেক ব্যবসায়ী ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, অনেকে দেশ ছাড়া হয়েছিলেন। “আমরা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছি। আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার,” বলেন তিনি। বিদেশি বিনিয়োগ আনতে সরকারের তৎপরতার কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি জানান, গত ৩ বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ২৬৬ কোটি ডলার। সরকারের তিন বছরে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে জানিয়ে বলেন, “আমরা বিদ্যুৎ সঙ্কট সফলভাবে মোকাবেলা করেছি। এ সমস্যা সমাধানে আমরা সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি। ৪৯টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতগুলো বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ এ আগে কোনো সরকারের সময়েই নেওয়া হয়নি।” জ্বালানি হিসেবে তেলের ওপর নির্ভরতা কমাতে কয়লাভিত্তিক তিনটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তির কথা জানান প্রধানমন্ত্রী। ডিজেলচালিত বিদ্যুত কেন্দ্র চালানোর সমালোচনার জবাবে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ার কারণেই গত অর্থবছরে রপ্তানিতে ৪২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। “বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়াতে আমরা ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি। এ কারণে জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করতে হচ্ছে। অনেকে এর সমালোচনা করছেন। কেন আমরা ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলাম, সেটা বিচারের ভার আমি আপনাদের (ব্যবসায়ী-উদ্যোক্তা) ওপরই দিলাম।” এই বিষয়ে শেখ হাসিনা বলেন, “কয়েকদিন আগে আমি সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক করেছি। তারা ‘নবাব’। তাদের একজন মঞ্চে আছে (দৈনিক সমকালের মালিক এফবিসিসিআই সভাপতি এ কে আজাদকে দেখিয়ে)। তারাও ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সমালোচনা করেছেন। আমি তাদেরও একই কথা বলেছি।” গ্যাস উৎপাদন বর্তমান সরকার এই পর্যন্ত ৩৫০ মিলিয়ন ঘনফুট বাড়িয়েছে জানিয়ে তা আরো বাড়াতে কাজ চলছে বলে জানান তিনি। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, জনশক্তি রপ্তানি, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণের পাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, বাণিজ্য সচিব গোলাম হোসেন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বক্তব্য রাখেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলায় বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে ১৯৯৫ সাল থেকে শেরে বাংলা নগরে বাণিজ্য মেলা আয়োজন করছে। এবার মেলায় বাংলাদেশের বাইরে ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উত্তর আফ্রিকার দেশ মরক্কো এবার প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে। অন্যান্য দেশের মধ্যে পাকিস্তান, ভারত, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার টিকিট বড়দের জন্য ২০ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা। এবার মেলার মোট স্টল সংখ্যা হচ্ছে ৫০৫টি। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৫০টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৪৪টি, প্রিমিয়ার মিনি-প্যাভিলিয়ন ৩৬টি, সংরক্ষিত মিনি-প্যাভিলিয়ন ১৫টি, প্রিমিয়ার স্টল ৪৭টি ও ৩০টি সাধারণ স্টল রয়েছে। এছাড়া মা ও শিশুর পরিচর্যা কেন্দ্র তিনটি, ছয়টি রেস্তোরাঁ, শিশুদের বিনোদনের জন্য একটি অ্যামিউজমেন্ট পার্ক এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে একটি প্যাভিলিয়ন থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএম/এমআই/১৬০০ ঘ.