মারুফ মল্লিক
বন থেকে
বন, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতাস নদীর বুক চিরে পণ্য পরিবহনে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি পালন করছে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশ শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লুন্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সেখানে ৩০ মিনিট অবস্থান করে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে লুন্ড শহরের কেন্দ্রস্থলের দিকে পদযাত্রা নিয়ে এগিয়ে যায় শিক্ষার্থীরা। সেখানেও ৩০ মিনিট মানববন্ধন করে তারা।
এ সময় সুইডিশ শিক্ষার্থী ও পরিবেশবাদীরা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।
তিতাস নদীর বুক চিরে সড়ক নির্মাণ নিয়ে স¤প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ কর্মসূচি পালন করলো তারা।
কর্মসূচির আয়োজকদের অন্যতম ও লুন্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রহমান শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ ঘৃণ্য কাজের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অনতিবিলম্বে তিতাস নদীর ওপর নির্মিত রাস্তা সরিয়ে ফেলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অবাধ ও নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
মাহবুবুল তালুকদার শাফি নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমরা প্রতিবেশী দেশে টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে কথা বলি। কিন্তু নিজের দেশের ভিতরেই যে বাধ নিয়ে নদী মেরে ফেলা হচ্ছে- এ নিয়ে কিন্তু কোনও প্রতিবাদ দেখা যাচ্ছে না।”
অবসরপ্রাপ্ত শিক্ষক আন্দ্রিয়া স্টিভান বলেন, “তিতাস নদী শুধু বাংলাদেশের সম্পদ নয়। এটি একটি বৈশ্বিক সম্পদ। এটিকে ধ্বংস করতে শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বের মানুষই ক্ষতিগ্রস্ত হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/পিডি/০১১০ ঘ.
bdnews24