২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিয়াদীকেই গ্রেপ্তার করল পুলিশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হামলাকারীর বিরুদ্ধে মামলা দিতে এসে ফরিয়াদী তিন ভাই-বোন গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

গাজীপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হামলাকারীর বিরুদ্ধে মামলা দিতে এসে ফরিয়াদী তিন ভাই-বোন গ্রেপ্তার হয়েছেন। শনিবার সকালে কালিয়াকৈর থানায় গ্রেপ্তারা হলেন উপজেলার ভাঙ্গুরী এলাকার রহিম খান (৪০), তার ভাই মিলন খান (৩৫) ও বোন সামছুন নাহার (৩০)। আটক মিলন খান সাংবাকিদের বলেন, “শুক্রবার রাতে একটি হামলার ঘটনায় মামলা দিতে থানায় গেলে পুলিশ তাৎক্ষণিকভাবে একটি মামলা করে আমাদের গ্রেপ্তার করে।” তিনি সাংবাকিদের জানান, ভাই রহিম খান ও তার সঙ্গে একই এলাকার মাসুদ খানের জমি নিয়ে বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসা হয়। শুক্রবার রাত ১০টার দিকে মাসুদ খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী রহিম খানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে, বলেন মিলন খান। তারা ওই বাড়ি থেকে একটি গরু ও দুইটি ভেড়া নিয়ে যায় এবং বাড়ির সদস্যদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয় বলে জানান মিলন। কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম বলেন, “ঘটনাটি সাজানো। তিনমাস আগে রহিম খান গংরাই মাসুদ খানকে মারধর করে আহত করেছিল।” তবে আগে তখন ব্যবস্থা না নিয়ে তিন মাস পর মামলা করতে গেলে কেন এই তিনজনকে মামলা দায়ের করে গ্রেপ্তার করা হলো জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০০০ ঘ.