ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "যেদিন শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন আদালতে ঈদ উৎসবের আমেজ দেখা দেয়। আদালতের বারান্দায় এ সব র্দুর্ধষ আসামিদের সহযোগীদের বিরাট বহর, এজলাসের মধ্যে সবাই মিলে বিশাল খানাপিনার আয়োজন দেখে মনে হয় পুলিশ ও আদালতের কর্মচারীদের এসব আসামিরাই চাকরি দিয়েছে তাদের সেবার জন্য রেখেছে।"
পুরান ঢাকার আদালতপাড়ার অনিরাপদ পরিবেশ তুলে ধরে এ কথা বললেন ঢাকা জজ আদালতের আইনজীবী মনোরঞ্জন ঘোষ।
আইনজীবী ও আদালত সংশ্লিষ্টদের অভিযোগ, মহানগর দায়রা জজ, জেলা জজ আদালতের এজলাস কক্ষ, আদালতের বারান্দা, কোর্ট হাজতে সন্ত্রাসীরা ব্যবহার করে পুলিশের কতিপয় সদস্যের সহযোগিতায় কয়েকজন আদালতকর্মীদেরই যোগসাজশে।
গত বছরের ১৪ ফেব্র"য়ারি মহানগর দায়রা জজ আদালত ভবনের কয়েকটি এজলাসে ভালোবাসা দিবস পালন করে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন এবং তার সহযোগী তারিক সাইফ মামুন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আদালতকর্মী জানান, ইমন ও মামুনকে তাদের সহযোগীরা বিশেষ খাবার, চকলেট ও প্রসাধন সামগ্রী দেয়। কয়েকজন তরুণী ফুল নিয়েও আসে।
একই ধরনের ঘটনা ঘটে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, আরমান, মামুন, বিকাশ, কিলার আব্বাসের হাজিরার দিনেও।
ইয়াবাসহ গ্রেপ্তার আমিন হুদার বিরুদ্ধে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিশেষ ক্ষমতা আইন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা চলছে। এ জন্য তাকে প্রায়ই হাজিরার জন্য কারাগার থেকে আদালতে আনা হতো।
আমিন হুদাকে এজলাসে আনার সঙ্গে সঙ্গেই খুলে দেওয়া হতো তার হাতকড়া। তিনি ও তার সঙ্গীরা এজলাসে বসেই খানাপিনা সারতেন, চলতো আড্ডা।
ঢাকার পুরনো জেলা জজ আদালত ভবনের দুই তলার বিশাল বারান্দার একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সিগারেট হাতে হাঁটতে দেখা যেত তাকে, যদিও পাবলিক প্লেস হিসেব যে কারো জন্যই আদালতে ধূমপান নিষিদ্ধ।
ওই আদালতের তৎকালীন বিশেষ কৌঁসুলি সহিদুল ইসলাম সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনে হতো, তিনি (আমিন) আদালতে আসামি হিসাবে আসেননি। তিনি বেড়াতে এসেছেন।"
"তার এ বিলাসের কারণে ওই এজলাসে বিচারের পরিবেশ ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছিলো," বলেন তিনি।
সহিদুল বলেন, "এ নিয়ে লিখিত আবেদনের মাধ্যমে বিচারকের কাছে প্রতিকার চাওয়া হয়েছিলো। এজন্য জুনিয়র দুই আইনজীবীকে আমিন হুদার লোকজন হুমকিও দেয়।"
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যামামলায় দণ্ডিত, মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে (ওসি রফিক) হাতকড়া ছাড়া গত বছরের এপ্রিল, মে, জুন মাসে বিভিন্ন দিনে অন্য এজলাসে বসে রাষ্ট্রপক্ষের বিভিন্ন সাক্ষীকে টেলিফোন করে হুমকি-ধমকি দিতেও দেখা গেছে।
আদালতপাড়ায় পুলিশের উপস্থিতিতে সপরিবারে বাজার করতে দেখা গেছে ওসি রফিককে। এ নিয়ে পুলিশকে তিরস্কারও করেছিলো আদালত।
ঢাকার জজ আদালতের আইনজীবী জয়ন্ত কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা আদালতে নিরাপত্তা দেবে, তারা (পুলিশ) নিজেরাই এখন নিরাপত্তা বিনষ্টকারী। টাকার বিনিময়ে নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা আসামিদেরকে সুবিধা দেওয়ায় বাদি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও অসহায় হয়ে পড়ে।"
পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ উঠলেও এ বাহিনীর কর্মকর্তারা লোকবলের অপ্রতুলতার কথাই তুলে ধরেন। পাশাপাশি দায়িত্ব পালনে আসামিদের আইনজীবীদেরও বাধা হিসেবে চিহ্নিত করেন তারা।
আদালতপাড়ায় কর্মরত ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এজলাসে বিশেষ ধরনের আসামিদের স্বাধীনতা খর্ব করলে এ নিয়ে তাদের আইনজীবীদের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া করতে হয়।"
টাকার বিনিময়ে আসামিদের সুবিধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তা এড়িয়ে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১০৩০ ঘ.
bdnews24