২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইপিজেড স্থাপনের সুপারিশ সংসদীয় কমিটির

ঢাকা বা চট্টগ্রাম অথবা এর পার্শ্ববর্তী এলাকাগুলোয় নতুন ইপিজেড স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বা চট্টগ্রাম অথবা এর পার্শ্ববর্তী এলাকাগুলোয় নতুন ইপিজেড স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার সরকারি প্রতিষ্ঠান কমিটির ৫০তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে মোট আটটি ইপিজেডে গত অগাস্ট মাস পর্যন্ত বাংলাদেশসহ ৩৫টি দেশের তিনশ ৭৩টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত রয়েছে। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০-১১ অর্থবছরে ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানগুলোয় ৪৩ হাজার ছয়শ ৬৬ জন বাংলাদেশি শ্রমিকের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। রপ্তানি হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার এবং প্রকৃত বিনিয়োগ হয়েছে তিনশ ১৩ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার যা বিগত যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ। পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কর্মসংস্থান, রপ্তানি এবং বিনিয়োগের প্রবৃদ্ধি যথাক্রমে ৫৫ দশমিক ৫৯ শতাংশ, ৩১ শতাংশ এবং ৪১ দশমিক ১০ শতাংশ। বৈঠকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (বেপজা) এ পর্যন্ত মোট চারশ ২০টি অডিট আপত্তির মধ্যে চারশ ১৬টি নিষ্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে একটি করে ইকনোমিক জোন স্থাপন এবং ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে আরো বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগের প্রশংসা করে কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩২২ ঘ.