লন্ডন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দুই মন্ত্রীর উপস্থিতিতে লন্ডনে মানবাধিকার বিষয়ক সেমিনারে সংঘর্ষের ঘটনায় ব্রিটেনের আদালতে সাজা হয়েছে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপির দুই কর্মীর।
২০১০ সালের ১৬ জুলাই ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেদিন হাউজ অব লর্ডসে সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হওয়ার পর পরই দুই দলের সমর্থকদের মধ্যে বেধে যায় সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে বাধ্য হন সভাপতি।
ওই ঘটনায় হওয়া মামলায় সোমবার আদালত বেথনাল গ্রিনের বাসিন্দা বিএনপি কর্মী শরীফ চৌধুরী (৪৪) ও ইস্টহামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী মন্তর আলীকে (৩৭) একশ' ঘণ্টা বিনা পরিশ্রমে কমিউনিটি ওয়ার্ক করার দণ্ড দেয়।
এ ছাড়া কেনিং টাউনের আহমদ আলী ও ক্লাকটন অন সির বাসিন্দা শাহরিয়ার রহমান পেয়েছেন অব্যাহতি।
রায় ঘোষণার সময় ইনার লন্ডন ক্রাউন কোর্টের বিচারক অস্টিন ইসার্ড ডেভিস অভিযুক্তদের সমালোচনা করে বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সহিংসতামুক্তভাবে বিতর্ক অনুষ্ঠান করতে পারা। এখানে সংঘর্ষ কোনো অর্থেই গ্রহণযোগ্য নয়।
হাউজ অব লর্ডসের একজন সদস্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে এরকম সংঘর্ষের ঘটনা অপমানজনক বলেও মন্তব্য করেন তিনি।
সেদিন যা হয়েছিলো
'বাংলাদেশ ডেমোক্রেসি অ্যান্ড গুড গভার্নেন্স, হিউম্যান রাইটস রোল অব পলিটিক্যাল পার্টি' শীর্ষক ওই সেমিনার আয়োজন করা হয় লন্ডন স্কুল অব ইকোনমিক্সে।
মঞ্চে বসা নিয়েই শুরু হয় গোলযোগ। মঞ্চে ছয় অতিথির বসার জায়গা না হওয়ায় সভাপতি পলা মঞ্জিলা কয়েকজনকে নেমে যাওয়ার অনুরোধ করেন। পরে তিনি নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমীন চৌধুরী ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নানকে বসার সুযোগ করে দেন।
এ সময় বিএনপির সাবেক মন্ত্রী ড. মঈন খান উপস্থিত থাকলেও তাকে মঞ্চে আমন্ত্রণ না জানানোর কারণে বিএনপি সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে।
এক পর্যায়ে বিএনপি সমর্থকরা চেয়ার ছুড়ে মারার পাশাপাশি বিক্ষোভ শুরু করেন। চেয়ারের আঘাতে কয়েকজন আহতও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১৪ ঘ.
bdnews24