২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ড লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা তদন্তে প্রগতির কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে ট্রেন-জিপ সংঘর্ষে পাঁচকর্মীর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে ট্রেন-জিপ সংঘর্ষে পাঁচকর্মীর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ। কমিটির প্রধান অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজাহান বলেন, বুধবার রাতে গঠিত এ কমিটি কাজ শুরু করেছে বৃহস্পতিবার বিকালে। কমিটির অন্য চার সদস্য হলেন- উপ-প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) জাকির হোসেন, হিসাব বিভাগ শাখার কর্মকর্তা ছাবের আহমদ ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম। কমিটির প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেছে। "বুধবার রাতে কমিটি গঠন করা হলেও এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার দুপুরে আমাদের হাতে পৌঁছে। তাই কর্তৃপক্ষের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা সম্ভব নয়।" তিনি জানান, আদেশ পাওয়ার পরই তদন্ত কমিটি ঘটনস্থালে গিয়ে তদন্ত কাজ শুরু করেছে। তদন্ত কাজ শেষে শুক্রবার প্রতিবেদন দেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার সকালে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং জনপ্রনিধিরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে রাষ্ট্রায়ত্ত্ব গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনের লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে জিপের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়। আহত হয় দুইজন। হতাহতরা সবাই প্রগতি ইন্ডাস্ট্রিজের কর্মী। দুর্ঘটনার কারণ তদন্তে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে ইতিমধ্যে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৯৩৭ ঘ.