২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সম্মেলনে সংঘর্ষে ছাত্রদল সমর্থক নিহত

যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রদলের কর্মী সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 10:39 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

যশোর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রদলের কর্মী সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। সম্মেলন চলার সময় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয় হাইস্কুল মাঠে সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষের পর কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে। নিহত কপোত হোসেন নাঈম (২০) উপজেলার দিঘলসিংহ গ্রামের আমিরুল ইসলামের ছেলে। চৌগাছা থানার ওসি আব্দুল বারী সাংবাদিকদের জানান, উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে নেতাদের নাম ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় নাঈমকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। গুরুতর আহত নাঈমকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত হয়েছে উপজেলার মশ্মিমনগর গ্রামের জুলু হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২২) এবং একই গ্রামের ছবেদ হোসেনের ছেলে সোহেল (২০)। তারা উপজেলা ছাত্রদলের সদস্য। জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম জানান, নাঈম ছাত্রদলের সমর্থক। তবে চৌগাছা উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, নাঈম চৌগাছা ডিগ্রি কলেজের ছাত্র। তবে তার সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততা ছিলো না। তার দাবি, সংঘর্ষের সময় নাঈম তার বন্ধুকে রক্ষা করতে গেলে ছুরিকাহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৩০ ঘ.