নওগাঁ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় মুক্তিযোদ্ধার নামে করা একটি সড়কের নামফলক ফেলে দিয়ে স্থানীয় সাংসদের নামের ফলক স্থাপনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার বিচার দাবি করে বুধবার স্থানীয় মুক্তিযোদ্ধারা উপজেলার রামনগর মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ করেছেন।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর-ধানসুরা সড়কের নাম হলো মুক্তিযোদ্ধা আবু বক্কর সড়ক।
সম্প্রতি রাস্তা সংস্কারের নামে রামনগর মোড়ে রামনগর-ধানসুরা সড়কে স্থাপিত এলজিইডির কতিপয় কর্মকর্তা 'মুক্তিযোদ্ধা আবু বক্কর'র নামফলকটি ভেঙে পাশের নর্দমায় ফেলে দেয়। তার বদলে সেখানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের নামফলক স্থাপন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজামাল আলী বলেন, মুক্তিযোদ্ধার নামফলক ফেলে দেওয়ার সঙ্গে জড়িত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিডি) উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদের অপসারণ ও বিচার করতে হবে।
তিনি মুক্তিযোদ্ধার নামফলক পুনরায় স্থাপনেরও দাবি জানান।
এ ব্যাপারে নিয়ামতপুরের ইউএনও আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পাওয়ার কথাও জানান।
অভিযুক্ত এলজিডির উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অফিসের প্রশিক্ষণে রয়েছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.
bdnews24