২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক থেকে গাছের গুঁড়ি পড়ে নিহত ১

সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে গাছের গুঁড়ি পড়ে দোকানে চা পানরত অবস্থায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 06:39 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে গাছের গুঁড়ি পড়ে দোকানে চা পানরত অবস্থায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। বার আউলিয়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। হতাহতরা সবাই ঢাকাগামী একটি বাসের যাত্রী। নিহত টিটু (৩০) রংপুরের বাসিন্দা, তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত মো. রেজাউল (১৮) ও সাহেব আলী (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বার আউলিয়ায় বাসের যাত্রা বিরতির সময় তারা মহাসড়ক সংলগ্ন একটি চায়ের দোকানে পান করছিলেন। অগ্নি নির্বাপক বাহিনীর কুমিরা স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার আউলিয়ার শাহ আমান উল্লাহ পেট্রোল পাম্প এলাকায় ঢাকামুখী বাস দাঁড়িয়েছিলো। ওই সময় গাছের গুঁড়িবাহী একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে একটি বড় গুঁড়ি ট্রাক থেকে পড়ে টিটুকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে আলাউদ্দিন জানান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/এমআই/১২৩৫ ঘ.