মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবারে ভেজাল, ওজনে কম ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে মৌলভীবাজারে ১৩টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা শহরের পশ্চিমবাজার ও শ্রীমঙ্গল রোডে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জুবায়ের আহমদ র্যাব ও পুুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জরিমানা হয়েছে মহসীন ফার্মেসী ১০ হাজার টাকা, হাসান ফার্মেসী ২ হাজার টাকা, বিছমিল্লাহ ফার্মেসী ২ হাজার টাকা, লর্ড ড্রাগ হাউস ৫ হাজার টাকা এবং পাল ট্রেডার্স, মেসার্স সৈয়দ মোস্তাকিম আলী অ্যান্ড ব্রাদার্সসহ চারটি প্রতিষ্ঠান ৬৮ হাজার টাকা, আহমদ হোটেল ২৫ হাজার টাকা এবং পশ্চিমবাজারে চারটি কাঁচা বাজারের দোকানের ১৮ হাজার টাকা।
এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩টি মামলাও করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের আহমদ সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ আদালত আরো কয়েকদিন চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৯ ঘ.
bdnews24