নরসিংদী সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক শিশু।
পুলিশ জানায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুকুরমারা গ্রামে মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত দিপালী বেগম (১০) গ্রামের আরফান উল্লাহর মেয়ে এবং আমির খাঁন (১১) মো. জাকির হোসেনের ছেলে।
রায়পুরা থানার ওসি আবাদুল বাতেন সাংবাদিকদের জানান, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে তারা বজ্রপাতের শিকার হন। এসময় রুজেল (১২) নামে আরেক শিশুও আহত হয়।
লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত রুজেলকে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দাদিল গ্রামে মঙ্গলবার বিকালে বজ্রপাতে কৃষক ফারুক মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।
ফারুক ওই গ্রামের প্রয়াত উমর আলীর ছেলে।
মাধবপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে বাড়ির দক্ষিণ দিকের ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন ফারুক। দ্রুত ফারুককে মাধবপুর উপজেলা সদরের তিতাস প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৬ ঘ.
bdnews24