সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তার জন্য সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকাকে কেপিআই ঘোষণা করেছে সরকার।
আগামী ১ অক্টোবর থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান। এরফলে ওই সময় থেকে ওই এলাকায় সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে।
গত ১৮ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কেপিআইডিসি'র এক সভার সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে মন্ত্রণালয়ের এই ঘোষণায় স্থানীয়রা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত (বিআরই) শাখা থেকে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টকে প্রথম শ্রেণীর কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে তালিকাভুক্ত করেছে (স্বারক নম্বর স্ব.ম.(নিরা) কেপিআই ০১/২০১১/৮৭৩ তারিখ ২৬/০৬/১১)।
এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন প্রশাসন ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করে কেপিআই হার্ডপয়েন্টের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
১ অক্টোবর থেকে এই কেপিআই এলাকায় সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে এবং নৌকা নোঙরসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এ লক্ষ্যে ৩৬ জন সশস্ত্র আনসার নিযুক্ত করে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করার জন্য অনুমোদন চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
কেপিআইভুক্ত আড়াই কিলোমিটার এলাকাজুড়ে প্রয়োজনীয় সার্চ লাইট ও পোস্ট লাইটের ব্যবস্থা করে রাতেও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে।
মন্ত্রণালয়ের পত্রে আরো বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত বৈঠকে হার্ডপয়েন্টের হালনাগাদ নিরাপত্তা সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হবে। ৩ মাস পর পর ভিজিলেন্স টিম হার্ডপয়েন্ট এলাকা পরিদর্শন করে সংশিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।
এদিকে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি জহুরুল হক রাজা জানান, সিরাজগঞ্জের একমাত্র বিনোদনের স্থানটি কেপিআই ঘোষণা করায় এলাকার মানুষের আর যাওয়ার জায়গা রইল না।
সুশাসনের জন্য নাগরিক'র (সুজন) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টের মেরামত, সংস্কার ও শক্তিশালীকরণের নামে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র জনসাধারণের কাছে আড়াল করতেই হার্ডপয়েন্টে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত (বিআরই) শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, হার্ডপয়েন্টের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24