ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব্দ দূষণের দায়ে রাজধানীতে নিকেতন সোসাইটির আবাসিক এলাকা সংলগ্ন ব্র্যাক ব্যাংককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, জেনারেটরের অসহনীয় শব্দে নিকেতন আবাসিক এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা ব্যাহত ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ব্যাংকটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে শব্দদূষণ সৃষ্টিকারী যন্ত্রপাতি স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ব্যাংকটির কর্মকর্তাদের পরিবেশ অধিদপ্তরে তলব করে এ দণ্ডাদেশ দেন।
নিকেতন সোসাইটির আবাসিক এলাকা সংলগ্ন ব্র্যাক ব্যাংক ভবনের বেজমেন্টে ১০০০ কেভিএ ক্ষমতার ২টি ডিজেল চালিত জেনারেটর রয়েছে। এগুলোর বিকট শব্দে পুরো আবাসিক এলাকায় মারাত্মক স্বাস্থ্যহানিসহ পরিবেশ দূষণ ঘটাচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত বছরের অক্টোবরে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিলো।
স¤প্রতি পরিবেশ অধিদপ্তরের একটি দল ওই জেনারেটর দুটির শব্দের মান পরীক্ষা করে দেখতে পায়, এগুলো থেকে ৮৭-৯৪, ৭৪-৭৭, ৭৬-৭৯ এবং ৮২-৮৪ ডেসিবল শব্দ সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
এরই পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৮২৫ ঘ.
bdnews24