ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামের নামে যারা অশান্তি সৃষ্টি করছে, জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে তাদেরকে এই সময়ের 'মুনাফেক' বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী।
সোমবার প্রেসক্লাবে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ইসলাম শান্তির ধর্ম এবং এ ধর্মে হত্যা নিষিদ্ধ উল্লেখ করে ইকবাল সোবাহান চৌধুরী বলেন, "বাংলাদেশে একটি চিহ্নিত যুদ্ধাপরাধী গোষ্ঠী রয়েছে, যারা মুক্তিযুদ্ধের সময় খুন ধর্ষণসহ পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেছে। তারাই পরবর্তীতে দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটিয়েছে।"
"ইসলামের লেবাসধারী এই সময়ের জাতীয় মোনাফেকদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে।" যোগ করেন তিনি।
বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার দেশ এবং এ দেশে সা¤প্রদায়িকতার স্থান নেই উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের ফলে লাভবান গোষ্ঠই বর্তমান বাংলাদেশের যাবতীয় অস্থিরতা, অশান্তির জন্য দায়ী।"
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক এবিএম মুসা, ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক এবং পিআইবির চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া এবং ইসলামী ফাউন্ডেশনের সভাপতি সামীম মো. আফজাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/১৭৩৫ ঘ.
bdnews24