বগুড়া, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় বিআরটিসির একটি প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মের অভিযোগে বাস ডিপোতে ভাংচুর করেছে প্রশিক্ষণার্থীরা। এ সময় ডিপোর কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।
সোমবার বেলা ১২টার দিকে বিআরটিসির অ্যাডভান্স ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটে এ ঘটনায় তিন প্রশিক্ষণার্থী আহত হন।
সংশ্লিষ্টরা জানান, ইনস্টিটিউটের ৪০ দিন মেয়াদী একটি ট্রেনিং কোর্সে স¤প্রতি ২৮ জন শিক্ষার্থী ভর্তি হয়। শিক্ষার্থীদের কাছ থেকে বড় গাড়ির প্রশিক্ষণ ফি বাবদ ৭ হাজার এবং ছোট গাড়ির জন্য ৬ হাজার টাকা ভর্তি ফি নেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির জন্য টাকা নিলেও তাদের প্রশিক্ষণ দেওয়া হয় না। যানবাহন নষ্ট থাকার কথা বলে তাদের হয়রানি করা হয়। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কাজ হয়নি। ফলে প্রশিক্ষণার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এর জের ধরেই সকালে কয়েকজন প্রশিক্ষণার্থী প্রথমে ক্লাসের চেয়ার বাইরে ফেলে দেয়। পরে বাস ডিপোর কার্যালয়ে কাঁচ ভাংচুর করে তারা। এক পর্যায়ে বাস ডিপোর শ্রমিক-কর্মচারী ও বাস লিজ গ্রহণকারীরা প্রশিক্ষণার্থীদের ওপর হামলা চালালে শুরু হয় সংঘর্ষ।
এ সময় শহিদুল ইসলাম (৩০), মোত্তালিব (২৮) ও এরশাদ আলী (৩০) নামে তিন প্রশিক্ষণার্থী আহত হন।
আহত প্রশিক্ষনার্থী এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত দুই মাসে মাত্র দুদিন প্রশিক্ষণ পেয়েছি। গাড়ি নষ্ট থাকার অজুহাতে প্রায় এক মাস হলো কোনো ট্রেনিং করানো হচ্ছে না। অথচ এই সময়ের মধ্যে অনেকেরই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা।"
এ বিষয়ে প্রশ্ন করলে অ্যাডভান্স ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটের কারিগরি প্রধান জুলফিকার আলী বলেন, ট্রাক নষ্ট থাকায় সঠিক সময়ে ট্রেনিং করানো যায়নি। মেরামত করার পর ট্রাকটি আবারো নষ্ট হয়ে গেছে।
তবে মঙ্গলবার থেকে আবার প্রশিক্ষণ শুরু করা হবে বলে জানান জুলফিকার।
বিআরটিসি বগুড়া শাখার ব্যবস্থাপক (অপারেশন) আলমাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শান্তিপূর্ণভাবেই বিষয়টির সমাধান করা যেত। তা না করে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে সরকারি বাস ডিপোর জানালার কাচ ভাংচুর করেছে। অফিসে ভাংচুর করার সময় শ্রমিক-কর্মচারীরা প্রতিরোধ করেছে মাত্র।"
আহত তিন প্রশিক্ষণার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯১৭ ঘ.
bdnews24