ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর প্রায় দুশ' পূজামণ্ডপের মধ্যে সাতটিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে মহানগর পুলিশ। ঝুঁকিপূর্ণ এসব মণ্ডপে স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজির আহমেদ এ কথা জানান।
এর আগে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে র্যাব, আনসার, দমকল বাহিনীর প্রতিনিধি এবং হিন্দু স¤প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কমিশনার বলেন, "যে সব পূজামণ্ডপে অনেক বেশি দর্শনার্থী, ভক্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যান সে সব মণ্ডপই ঝুকিপূর্ণ। এসব পূজা মণ্ডপে বিশৃঙ্খলা- নাশকতা সৃষ্টির সুযোগ থাকেই বলেই ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।"
কাজের সুবিধার জন্য অধিক ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ এবং সাধারণ হিসাবে পূজা মণ্ডপগুলোকে ভাগ করা হয়েছে বলে জানান তিনি।
তবে কয়টি মণ্ডপ কম ঝুঁকিপূর্ণ কমিশনার তা জানাননি।
বেনজির আহমেদ জানান, পূজার সময় মদ জাতীয় পানীয় পানীয় আটকের জন্য বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি পটকা, আতশবাজি না ফোটানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান তিনি।
পুলিশ কমিশনার পূজামণ্ডপগুলোর কোথাও বাড়তি সিসি, ভিডিও ক্যামেরা এবং জেনারেটরের প্রয়োজন দেখা দিলে তা ভাড়া করার জন্য পূজা আয়োজক কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
সভায় বিসর্জনের দিন অস্থায়ী যে কোনো স্থাপনা সরিয়ে পুণ্যার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য কমিশনার ঢাকা মহানগরীরর উপ-কমিশনারদের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৮৫৩ ঘ.
bdnews24