কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাক্টর চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে পুটিয়ায় এ দুর্ঘটনায় নিহত আনাস (১৪) বুরুদিয়ার হাবিবুল ইসলামের ছেলে। সে স্থানীয় মিরদী ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরের চালককে পিটুনি এবং ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ওসি আমজাদ হোসেন জানান, মাদ্রাসায় যাওয়ার সময় ট্রাক্টরের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই আনাসের মৃত্যু হয়।
তিনি বলেন, পিটুনিতে আহত চালককে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অজ্ঞান থাকায় তার পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.
bdnews24