পঞ্চগড়, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা চুক্তি না হওয়ার দায় ভারতের- এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, 'বন্ধুত্ব' রক্ষায় তাদের আরো উদার হওয়া প্রয়োজন।
সোমবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এই সদস্য বলেন, "জাতীয় স্বার্থেই আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। এ জন্য তাদের আরো উদার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।"
'ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেলো'- বিএনপি এমন অপপ্রচার চালাতে গিয়ে নিজেরাই সেই স্ট্যান্টবাজির ফাঁদে পড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে কাদের বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশের অনেক বড় বড় যুদ্ধাপরাধীর বিচার চলছে। এগুলো দীর্ঘদিন ধরেই চলমান আছে। সময় বেঁধে দিয়ে যুদ্ধাপরাধের বিচার হয় না। এটা একটা চলমান প্রক্রিয়া।"
"কোনো নিরপরাধ ব্যক্তি যেন এই বিচারের ক্ষেত্রে হয়রানির শিকার না হন সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে বিচার কাজ চালানো হচ্ছে", যোগ করেন কাদের।
আগামী মাসে প্রধানমন্ত্রীর রংপুর বিভাগ সফরের কথা রয়েছে। এর প্রস্তুতি দেখতেই ওবায়দুল কাদের রংপুর ও পঞ্চগড় সফর করছেন। রোববার সন্ধ্যায় তিনি বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন এবং রাতে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে কাদের বলেন, "এটা রাজনৈতিক বক্তব্য। আমরাও কখনো কখনো এমন অনেক বক্তব্য দেই।"
এ সরকারের আমলেই ছিটমহল বিনিময় চুক্তির বাস্তবায়ন ও বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর সম্ভাবনা রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার শাহারিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭০৩ ঘ.
bdnews24