২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইটে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা: মন্ত্রী

হজ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লি¬ষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লি¬ষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের। সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "যদি কেউ চুক্তির বাইরে বেশি দামে টিকিট বিক্রি করে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লি¬ষ্ট সবার সঙ্গে আলোচনা করেই আমরা টিকিটের দাম নির্ধারণ করেছি।" এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৬৫ ডলার। এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও নাস এয়ার এক লাখের বেশি হজযাত্রী পরিবহন করবে বলে জানান তিনি। হজ যাত্রীরা সৌদি আরবে যেসব সমস্যায় পড়েন- সেগুলোর সমাধানে এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লে¬খ করে মন্ত্রী বলেন, "এবার ফিরতি হজ যাত্রীদের সমস্যা সমাধানেও আমরা তৎপর রয়েছি। হজ থেকে ফিরে হাজীদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে কোনো সমস্যা হবে না।" এবার সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ তিন হাজার ৫৭০ জনসহ হজে যাবেন বলে উল্লেখ করেন মন্ত্রী। এবার হজের আগে ফ্লাইট চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ১০ নেভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৬ হাজার ২২৫ জন হজযাত্রী পরিবহন করবে। এছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সসহ মোট ১৬টি এয়ারলাইন্স হজফ্লাইট পরিচালনা করবে। জিএম কাদের বলেন, "যাত্রীর সুবিধার জন্যই হজ ফ্লাইট বাড়ানো হয়েছে। এবার যাত্রীরা যাওয়ায় সময়সূচি এবং রুট ইচ্ছেমত নির্ধারণ করতে পারবেন।" হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, "যত তাড়াতাড়ি সম্ভব টিকেট কেটে ফেলুন। দেরি করলে শেষের দিকে চাপ হতে পারে।" অন্যদের মধ্যে বিমান সচিব আতাহারুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৫৩৬ ঘ.