ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে ডাকাতি করে পালানোর সময় গাড়িচাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে হয়েছে। এ সময় ডাকাত সন্দেহে আরো আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর ৩টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (২৮) পটুয়াখালী জেলার বাসিন্দা।
গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে বনানী চেয়ারম্যান বাড়ির সামনে একটি ট্রাক থেকে লোহার রড নামানো হয়। ৩টার দিকে একটি খালি ট্রাকে করে ডাকাত দলটি সেখানে এসে সবাইকে জিম্মি করে রডগুলো খালি ট্রাকে ওঠাতে থাকে।
"এ সময় সেখানে টহল পুলিশের গাড়ি উপস্থিত হলে ডাকাতরা ট্রাকে করে পালাতে চেষ্টা করে। পুলিশ ট্রাকটি ধাওয়া করলে এক পর্যায়ে আলমগীর চলন্ত ট্রাক থেকে লাফ দেয়। কিন্তু একটি গাড়ির নিচে চাপা পড়ে সে। পরে ট্রাকটি আটকে আরো আট জনকে গ্রেপ্তার করা হয়।"
ওসি জানান, নিহতের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/জেকে/১২৫০ ঘ.
bdnews24