২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমন্ত্রীর এপিএস'র বিরুদ্ধে মামলার সিডি তলব

রংপুর পানি উন্নয়ন বোর্ডের দরপত্র ছিনতাই ও ঠিকাদারকে মারধরের অভিযোগে গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস'র বিরুদ্ধে মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেনি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

রংপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর পানি উন্নয়ন বোর্ডের দরপত্র ছিনতাই ও ঠিকাদারকে মারধরের অভিযোগে গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস'র বিরুদ্ধে মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেনি আদালত। রংপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম নিত্যানন্দ সরকার রোববার প্রতিবেদন গ্রহণ না করে আগামী ৪ অক্টোবর মামলার নথির সঙ্গে কেস ডায়েরি (সিডি) উপস্থাপনের নির্দেশ দেন। রংপুরে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে দরপত্র ছিনতাই ও মারধরের ঘটনায় ঠিকাদার আব্দুল বাছেত দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এ মামলায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) ও ভাগিনা সাজ্জাদ হোসেন সাগর, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেলসহ ১১ জনকে আসামি করা হয়। সম্প্রতি পুলিশ এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। গত ১৪ সেপ্টেম্বর ১১ আসামি জামিনে ছাড়া পান। এই মামলায় শুনানির সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আদালত উপ-পরিদর্শক লাভলী বেগম জানান, আদালত মামলার সিডি তলব করেছে। তিনি বলেন, "তদন্তকালে পুলিশ ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হলেও মামলার বাদী পাউবোর ঠিকাদার আব্দুল বাছেতসহ কোনো সাক্ষীই সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।" গত ৬ সেপ্টেম্বর রংপুরে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে লালমনিরহাট জেলার ২৩ কোটি টাকার দরপত্র দাখিল করা নিয়ে ঠিকাদারদের মারধর ও দরপত্রের সিডিউল ছিনতাই করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২২ ঘ.