ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিতীয় দিনের মতো শুরু করেছে ঢাকা ওয়াসা।
এর আগে এক বছর স্থগিত থাকার পর শনিবার থেকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
গত বছরের ১৮ অক্টোবর কর্তৃপক্ষ এই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে খালের উপর বসবাসকারীরা নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বাধা দেয়। এ কারণে উচ্ছেদ অভিযান স্থগিত করেছিলো ওয়াসা।
এরপর থেকে রাজধানীতে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম ঝিমিয়ে পড়ে।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্ছেদ অভিযান চলছে।"
তিনি বলেন, "অভিযানের প্রথমদিন শনিবার খালের উপর গড়ে উঠা ৫০টি বস্তি ঘর এবং খালের পাড়ে ৬ টি পাকা ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়।"
কাজী ওয়াছিউদ্দিন বলেন, "মোহাম্মদপুরের শিয়া মসজিদের পশ্চিম দিকে নবোদয় হাউজিংয়ের ঢাল থেকে গাবতলী পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এর দুই পাড়ে অবৈধভাবে দুই শতাধিক বস্তি ঘর গড়ে তোলা হয়েছে। এছাড়া ১৪-১৫টি দুই থেকে ছয় তলা পাকা ভবনের কিছু অবৈধ অংশও খালের মধ্যে আছে।"
নবোদয় হাউজিংয়ের ঢাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি । উচ্ছেদ অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করছে।
পুরো খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আরো দুই-তিনদিন সময় লাগবে বলে জানান ওয়াছিউদ্দিন।
গত বছরের ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে ঢাকা ও এর আশপাশের অবৈধ খাল দখলমুক্ত করার জন্য ঢাকা ওয়াসা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।
এর অংশ হিসেবে গত বছরের ৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর খালসহ আরো দুইটি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা ওয়াসা।
এছাড়া চলতি বছরের ১২ সেপ্টেম্বর কল্যাণপুর 'ঘ' খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১২১৭ ঘ.
bdnews24